শাজাহানপুরে ৯ বছরের মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার
সুজন শাজাহানপুর বগুড়াঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার হওয়া রাকিবুল ইসলাম (২৫) উপজেলার বেজোড়া উত্তরপাড়া গ্রামের বাসিন্দা এবং রফিকুল ইসলামের ছেলে। ভুক্তভোগী শিশু স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার সকাল ১০টার দিকে ভুক্তভোগী তার বাবা-মায়ের সঙ্গে মাঠের কাজ শেষে বাড়ি ফেরার পথে অভিযুক্ত রাকিবুল ইসলাম তাকে আম কুড়ানোর প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যান। সেখানে শিশুটির সঙ্গে বলাৎকার করা হয় বলে অভিযোগ রয়েছে।
পরবর্তীতে শিশুটির শারীরিক অসুস্থতা দেখা দিলে সে তার মায়ের কাছে ঘটনার বিষয়টি জানায়। পরে ভুক্তভোগীর বাবা শাজাহানপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পরপরই শাজাহানপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বাগবাড়ি এলাকা থেকে অভিযুক্ত রাকিবুল ইসলামকে গ্রেফতার করে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ঘটনাটির তদন্তসহ পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।