সাতমাথায় ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযান: ফাঙ্গাসযুক্ত দই বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টারঃ
বগুড়া জেলার সাতমাথা এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে “শেরপুর দই ঘর” নামক একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একজন সাধারণ ভোক্তার অভিযোগের ভিত্তিতে ০৪ জুন ২০২৬ তারিখে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় দেখা যায়, প্রতিষ্ঠানটি ফাঙ্গাসযুক্ত দই সংরক্ষণ করে বিক্রয়ের জন্য মজুদ রেখেছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে ফাঙ্গাসযুক্ত দইয়ের সরা জনসম্মুখে ধ্বংস করা হয়।
এছাড়া উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ সংবলিত ট্যাগ পরিবর্তনের মাধ্যমে ভোক্তাদের সঙ্গে প্রতারণার প্রমাণও পাওয়া যায়। এসব অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী “শেরপুর দই ঘর”-কে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।
অভিযান চলাকালে সাতমাথা এলাকার বিভিন্ন দই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন ও নিরাপদ খাদ্য আইন সম্পর্কে সতর্ক করা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান এবং নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ রাসেল, বগুড়া।
অভিযানে ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেসা ফৌজিয়া উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতা প্রদান করে জেলা পুলিশের একটি চৌকস টিম।