কাহালুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মর্মান্তিক মৃত্যু
মোঃ আবু হাসান, ভ্রাম্যমাণ প্রতিনিধি
বগুড়ার কাহালু উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার বেলঘড়িয়া দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আনোয়ার হোসেন (৬০), পিতা-মৃত কুড়ানো তালুকদার, স্থায়ী নিবাস সারিয়াকান্দি উপজেলার নারসি গ্রাম এবং তার স্ত্রী মোছা. রমিছা খাতুন (৫৫), পিতা-মৃত ওমর আলী, কাহালু উপজেলার বখরা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে স্ত্রীকে নিয়ে বেলঘড়িয়া দক্ষিণপাড়ায় বসবাস করছিলেন। ওই বাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে মো. পুটু মিয়া নামের এক ব্যক্তি ওই বাড়িতে পানি পান করতে গিয়ে আনোয়ার হোসেন ও রমিছা খাতুনকে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে কাহালু থানায় খবর দেন।
খবর পেয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পিএসআই আসিফ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।