১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে সাময়িক বিভ্রাট; ভোগান্তিতে কোটি ব্যবহারকারী

নিউজ ডেস্কঃ প্রকাশিত: জুন ১২, ২০২৬, ৮:১৭ অপরাহ্ন
ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে সাময়িক বিভ্রাট; ভোগান্তিতে কোটি ব্যবহারকারী

ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে সাময়িক বিভ্রাট; ভোগান্তিতে কোটি ব্যবহারকারী 

 ডেস্ক রিপোর্টঃ

 বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সেবায় সাময়িক বিঘ্ন দেখা দিয়েছে। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার পর হঠাৎ করেই এসব প্ল্যাটফর্মে প্রবেশ, পোস্ট করা এবং বার্তা আদান-প্রদানে সমস্যা দেখা দেয় বলে অভিযোগ করেন ব্যবহারকারীরা।

ব্যবহারকারীদের অভিযোগ, ফেসবুকে প্রবেশ করতে গেলে ‘Sorry, something went wrong’ শীর্ষক একটি ত্রুটি বার্তা (এরর মেসেজ) প্রদর্শিত হচ্ছিল। ফলে অনেকেই প্রথমে নিজেদের অ্যাকাউন্টে সমস্যা হয়েছে বলে মনে করেন। 

রিয়েল-টাইম আউটেজ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সেবা নিয়ে ব্যবহারকারীরা ব্যাপক হারে অভিযোগ জানাতে শুরু করেন।

আনাস নামের এক ব্যবহারকারী বলেন, “হঠাৎ ফেসবুকে ঢুকতে না পেরে ভয় পেয়ে যাই। প্রথমে ভেবেছিলাম আমার অ্যাকাউন্টেই কোনো সমস্যা হয়েছে। পরে দেখি অন্যরাও একই সমস্যায় পড়েছেন।”

আরেক ব্যবহারকারী কাইয়ুম জানান, “ফেসবুকে পোস্ট করতে গিয়ে দেখি পোস্ট হচ্ছে না। এরপর মেসেঞ্জারে ঢুকতে গেলে সেটি লগ-আউট হয়ে যায়। হোয়াটসঅ্যাপেও একই ধরনের সমস্যা দেখা দেয়। প্রায় ৪০ মিনিট পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।”

মেহেদী নামের এক ব্যবহারকারী বলেন, “ফেসবুক আবার চালু হয়েছে, তবে আগের তুলনায় কিছুটা ধীরগতিতে কাজ করছে। পেজ লোড হতে সময় নিচ্ছে।”

প্রায় ৪০ মিনিটের এই বিভ্রাটের পর ধীরে ধীরে সেবাগুলো স্বাভাবিক হতে শুরু করলেও, এ বিষয়ে এখন পর্যন্ত মেটা কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করেনি।

সাময়িক এই সেবা বিঘ্নে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের কোটি কোটি ব্যবহারকারী ভোগান্তিতে পড়েন।