নওগাঁয় ১৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক মাদক বিরোধী অভিযানে ১৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মামুনুর রশিদ (৪৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল (১২ এপ্রিল) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম মান্দা থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। বিকেল ৫:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি টিম জানতে পারে যে, মান্দা থানাধীন কুসুম্বা মোড়ে বিকাশ চন্দ্রের অটো মেকানিকের দোকানের আশেপাশে এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদের সত্যতা যাচাইয়ে ডিবি পুলিশ তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালায়। এ সময় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটকে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করা হয়।
তল্লাশিকালে উপস্থিত জনসাধারণের সামনে আসামি মামুনুর রশিদের হেফাজত থাকা একটি পলিথিনের ভেতর থেকে ১৮ পাতায় (প্রতি পাতায় ১০ পিস) মোট ১৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি মামুনুর রশিদ মান্দা থানার চক ভোলাই গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।
জেলা ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।