১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা, হুমকি ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মিজানুর রহমান আশিক প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা, হুমকি ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জালিয়াতি প্রতারণা ও মিথ্যা অভিযোগে সাংবাদিক সম্মেলন করার বিরুদ্ধে প্রতিবাদ ও সাংবাদিক সম্মেলন

 

বগুড়া প্রতিনিধি:

জালিয়াতি, প্রতারণা এবং মিথ্যা অভিযোগে সাংবাদিক সম্মেলন করার প্রতিবাদে বগুড়ায় সংবাদ সম্মেলন করেছেন মো. আবু নাঈম শেখ। তিনি বগুড়া শহরের সূত্রাপুর গোহাইল রোড এলাকার বাসিন্দা।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, জে কে এয়ার ট্রাভেলসের বগুড়া প্রতিনিধি তরিকুল ইসলাম ময়েনের মাধ্যমে ৫ লাখ টাকার বিনিময়ে তাকে লাওসে বৈধভাবে কর্মসংস্থানের জন্য পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হয়। এ বিষয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জাহিদুল ইসলাম, সান্তাহার শাখার প্রধান এস এম লুৎফর রহমানসহ সংশ্লিষ্টদের সঙ্গে তার চুক্তি হয়।

তিনি বলেন, পরবর্তীতে প্রতিষ্ঠানটি বৈধ ম্যানপাওয়ার ছাড়পত্র প্রদর্শনে ব্যর্থ হলে তাকে বিকল্প পদ্ধতিতে বিদেশ পাঠানোর প্রস্তাব দেওয়া হয়। গত ৪ জুন ২০২৬ তারিখে ফ্লাইটের কথা বলে তাকে ঢাকার অফিসে নেওয়া হলেও সেখানে টিকিট প্রদানে নানা টালবাহানা করা হয়। একপর্যায়ে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশের সহায়তায় তার প্রদানকৃত ১ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার হয়। তবে বাকি টাকা ও পাসপোর্ট পরে ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা এখনো বুঝিয়ে দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

আবু নাঈম শেখ আরও অভিযোগ করেন, পাওনা টাকা ও পাসপোর্ট ফেরত চাইলে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন নম্বর থেকে তার পরিবারের সদস্যদের হুমকি দিতে থাকেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর বিষয়টি মীমাংসার আশ্বাস দেওয়া হলেও গত ১৩ জুন বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও একটি স্থানীয় পত্রিকায় তার এবং তার স্ত্রীর বিরুদ্ধে ৫০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে তিনি উক্ত মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে তার অবশিষ্ট টাকা ও পাসপোর্ট দ্রুত ফেরত দেওয়ার দাবি জানান। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

তিনি জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় ইতোমধ্যে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে