দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য সহায়তায় আমরুল ইউনিয়নে ভিডব্লিউবি চাল বিতরণ
সুজন শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ভিডব্লিউবি (VWB) কর্মসূচির আওতায় বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়ন পরিষদে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) আমরুল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ সূচনা করেন আমরুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম উদ্দিন প্রামাণিক।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রিনা রহমান, হিসাব সহকারী শাহাদাত হোসেন, শাজাহানপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ তমিজ উদ্দিন, আমরুল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অন্যতম লক্ষ্য হলো দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করা। এ ধরনের কার্যক্রম সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকৃত উপকারভোগীদের মাঝে খাদ্যশস্য বিতরণের আশ্বাস দেন।
উদ্বোধন শেষে তালিকাভুক্ত উপকারভোগীদের মাঝে নিয়ম অনুযায়ী ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ করা হয়। এ সময় উপকারভোগীরা সরকারের এই খাদ্য সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
স্থানীয়দের মতে, এ ধরনের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি অব্যাহত থাকলে দরিদ্র পরিবারের খাদ্য সংকট মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে।