চ্যাম্পিয়ন বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ
সুজন শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে বগুড়ার শাজাহানপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলা পরিষদ সভাকক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া জেলা কার্যালয় এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) যৌথ আয়োজনে এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দুই দিনব্যাপী (১৭ ও ১৮ জুন) এ প্রতিযোগিতায় উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক পর্যায়ের ২৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী এম. এম. রুবায়েত।
প্রথম দিনের প্রতিযোগিতায় বিজয়ী হয়ে সেমিফাইনালে অংশ নেয় বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল, মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল অ্যান্ড কলেজ এবং বড়পাথার উচ্চ বিদ্যালয়। সেমিফাইনালে জয়লাভের পর দ্বিতীয় দিনে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল অ্যান্ড কলেজের মধ্যে ফাইনাল বিতর্ক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাইফুর রহমান।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোত্তালেব বাদল সরকার-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সবুজ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল হোসেন এবং দুদক বগুড়া জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সাজ্জাদ হোসেন।
বিতর্ক প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হাসান এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার রোকাইয়া পারভীন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আব্দুল হালিম দুদু, সদস্য সাদেকুর রহমান, নিলুফা ইয়াসমিন, ফাতেমা খাতুন, আইরিন পারভীনসহ অন্যান্যরা।
প্রতিযোগিতার তিনটি ধাপে বিতর্কের বিষয় ছিল যথাক্রমে— "অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির মূল কারণ", "দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য" এবং "প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়"।
বিতর্কের এক পর্যায়ে আলোচনায় আসে বহুল সমালোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম এবং সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ. রহমান-এর প্রসঙ্গ। বিতার্কিকরা যুক্তি তুলে ধরে বলেন, মানুষের দুর্নীতির পেছনে অভাব নয়, বরং সীমাহীন লোভ ও পারিবারিক নৈতিক শিক্ষার অভাবই বড় কারণ। এসব কারণেই তারা আজ জাতির কাছে সমালোচিত ও ঘৃণিত ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।