মা'দক'বি'রোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বগুড়ায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
"মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬" উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলা থেকে একটি মাদকবিরোধী র্যালি বের হয়ে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এ বছরের দিবসটির প্রতিপাদ্য ছিল— "World Drug Problem: Persisting Issues, New Challenges, Innovative Responses."
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম) এবং সিভিল সার্জন মো. খুরশীদ আলম।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন। স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান। তিনি অধিদপ্তরের কার্যক্রম ও মাদকবিরোধী বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ইমাম, এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সদস্য, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে এর অপব্যবহার ও অবৈধ পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং সম্মিলিতভাবে মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে ছিল জেলার গুরুত্বপূর্ণ স্থানে মাদকবিরোধী স্টিকার ও পোস্টার সংযোজন, লিফলেট বিতরণ, যানবাহনে স্টিকার লাগানো, জেলা তথ্য অফিসের সহযোগিতায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন, স্কুল-কলেজ শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান, জেলার ১২টি উপজেলায় ১৩টি স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি এবং ১৪টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মাধ্যমে নগরীর ১২টি পয়েন্টে বিনামূল্যে কাউন্সেলিং সেবা প্রদান।
পাশাপাশি প্রতিটি উপজেলায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া ২০২৫ সালে ১,৮০৩টি অভিযান পরিচালনা করে ৭০২টি মামলায় ৭৩৫ জনকে গ্রেপ্তার করেছে। এসব অভিযানে বিপুল পরিমাণ হেরোইন, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, ট্যাপেন্টাডল, চোলাই মদ, বুপ্রেনরফিনসহ বিভিন্ন মাদক, নগদ অর্থ ও যানবাহন উদ্ধার করা হয়।
এছাড়া ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ৮৩৮টি অভিযান পরিচালনা করে ৩৩৬টি মামলায় ৩৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, ট্যাপেন্টাডল, বুপ্রেনরফিন, নগদ অর্থ ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদক ব্যবসার মাধ্যমে অবৈধভাবে অর্জিত সম্পদের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে ব্যবস্থা গ্রহণের কার্যক্রমও চলমান রয়েছে।