বগুড়ার কাহালুতে জমি বিরোধের জেরে দাদা শ্বশুরকে কুপিয়ে হত্যা, আহত শ্বশুর
মোঃ আবু হাসান ভ্রাম্যমাণ প্রতিনিধি
বগুড়ার কাহালু উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নাতি জামাইয়ের হাঁসুয়ার আঘাতে মকবুল হোসেন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার ছেলে শহিদুল ইসলাম। রোববার (২৮ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বাঘাইল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মকবুল হোসেন বাঘাইল গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। আহত শহিদুল ইসলাম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘাইল গ্রামের শাকিলের সঙ্গে শহিদুল ইসলামের মেয়ের বিয়ে হয়। সেই সূত্রে নিহত মকবুল হোসেন ছিলেন শাকিলের দাদা শ্বশুর। দীর্ঘদিন ধরে শাকিল ও তার শ্বশুরবাড়ির লোকজনের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।
স্থানীয়দের দাবি, ওই বিরোধের জেরে রোববার বিকেলে শাকিল ও তার ছোট ভাই সবুজ ধারালো হাঁসুয়া নিয়ে মকবুল হোসেনের ওপর হামলা চালান। এ সময় বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে শহিদুল ইসলামকেও এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়।
পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মকবুল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত শহিদুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, আত্মীয়তার সম্পর্ক থাকা সত্ত্বেও এমন নৃশংস ঘটনায় তারা হতবাক। জমিজমা নিয়ে আগে থেকেই বিরোধ ছিল। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।