বগুড়া প্রতিনিধি:
বগুড়া শহরের কানছগাড়ী এলাকায় একটি পথকুকুরকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করার অভিযোগে এক ফার্নিচার ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় প্রাণী নির্যাতনের অভিযোগে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া মো. স্বপন নগরীর রহমাননগর এলাকার মৃত ইসমাইলের ছেলে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর বকশিবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার।
মামলার বাদী বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া) বগুড়া শাখার আহ্বায়ক সদস্য মো. এমরান হোসেন। এজাহার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে খবর পেয়ে তিনি কানছগাড়ী এলাকার ইন্ডিপেন্ডেন্ট হাসপাতালের পশ্চিম পাশের একটি গলিতে গিয়ে একটি সাদা-কালো রঙের পথকুকুরকে গুরুতর আহত অবস্থায় ড্রেনে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় দুই যুবকের সহযোগিতায় কুকুরটিকে উদ্ধার করে জলেশ্বরীতলা এলাকার একটি পশু চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়।
খবর পেয়ে উপজেলা ও জেলা প্রাণিসম্পদ বিভাগের সমন্বিত চিকিৎসক দল আহত কুকুরটির চিকিৎসার ব্যবস্থা করে। অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসার পর বর্তমানে প্রাণীটির অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গেছে।
এজাহারে অভিযোগ করা হয়, স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী অভিযুক্ত স্বপন ধারালো অস্ত্র দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পথকুকুরটিকে আঘাত করে গুরুতর জখম করেন। আহত প্রাণীটির চিকিৎসা নিশ্চিত করা এবং সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পরামর্শের কারণে মামলা দায়েরে কিছুটা বিলম্ব হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানায়, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।