বগুড়া, প্রতিনিধি:
ঢাকা মহাখালীতে শাহ ফতেহ আলী পরিবহনের প্রধান কোচ কাউন্টার পুনরায় চালুর দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন পরিবহনটির শ্রমিকরা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আন্দোলনে নামার পাশাপাশি মহাখালী থেকে বগুড়া-নওগাঁ রুটে চলাচলকারী একতা পরিবহনের কোচ চলাচল বন্ধ করার কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়, উত্তরবঙ্গের অন্যতম পরিচিত ও জনপ্রিয় পরিবহন হিসেবে শাহ ফতেহ আলী পরিবহন দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে যাত্রীসেবা দিয়ে আসছে। তবে গত ৭ মে ২০২৬ তারিখে কোনো যৌক্তিক কারণ ছাড়াই ঢাকা মহাখালীতে অবস্থিত পরিবহনটির প্রধান কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। এরপর দীর্ঘ সময় পার হলেও কাউন্টারটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়নি।
তাদের দাবি, কাউন্টারটি বন্ধ থাকায় শুধু যাত্রীসেবাই ব্যাহত হচ্ছে না, পরিবহনটির সঙ্গে সংশ্লিষ্ট শত শত শ্রমিক কর্মহীন হয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
শ্রমিকরা জানান, বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে তারা জেলা প্রশাসক, পুলিশ সুপার, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বগুড়া জেলা বাস-মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতি, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন।
তারা আরও জানান, গত ১২ মে ২০২৬ তারিখে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের উদ্যোগে ঢাকায় বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, ঢাকা মহাখালী মালিক সমিতি এবং একতা পরিবহনের মালিকপক্ষের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ঈদুল আজহার ১৫ দিনের মধ্যে আলোচনা সাপেক্ষে কাউন্টারটি পুনরায় চালুর আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেন শ্রমিকরা।
শ্রমিকদের উত্থাপিত দাবিগুলো হলো— অবিলম্বে ঢাকা মহাখালীতে শাহ ফতেহ আলী পরিবহনের কোচ কাউন্টার পুনরায় চালু করা, মহাখালী মালিক সমিতির একক ও অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল করে সকল পরিবহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা, কর্মস্থলে শ্রমিকদের হয়রানি ও লাঞ্ছনা বন্ধ করা এবং সব পরিবহনের জন্য সমান ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা।
শ্রমিকরা বলেন, তারা কোনো ধরনের বিশৃঙ্খলা চান না; বরং যাত্রীসেবা অব্যাহত রেখে সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে চান। তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা সতর্ক করেন।