১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়া চেম্বার নির্বাচনে ‘বাদল-হিরু’ পরিষদের নিরঙ্কুশ জয়

মাজেদুর রহমান প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ৯:২৬ অপরাহ্ন
বগুড়া চেম্বার নির্বাচনে ‘বাদল-হিরু’ পরিষদের নিরঙ্কুশ জয়

বগুড়া চেম্বার নির্বাচনে ‘বাদল-হিরু’ পরিষদের নিরঙ্কুশ জয়

মাজেদুর রহমানঃ বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (বিসিআই) ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে পরিচালক পদে এস এস এম আতিকুর রহমান (বাদল) এবং অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী (হিরু) সমর্থিত ‘বাদল-হিরু’ পরিষদ বিপুল ব্যবধানে নিরঙ্কুশ জয় লাভ করেছে। নির্বাচনে সাধারণ গ্রুপে পরিচালক পদের প্রতিদ্বন্দ্বিতায় এই প্যানেলের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়ে তাদের আধিপত্য বজায় রেখেছেন। 

 

গতকাল শহরের ঐতিহ্যবাহী শহীদ টিটু মিলনায়তনে অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১,০৭৭ জন ভোটারের মধ্যে সিংহভাগ ভোটার অত্যন্ত সুশৃঙ্খলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে রাতে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়।

 

​ঘোষিত প্রাথমিক ফলাফল অনুযায়ী, সভাপতি পদে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী এস এস এম আতিকুর রহমান বাদল ৬৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী সেলিম রেজা পেয়েছেন ২২৭ ভোট। এছাড়া সহ-সভাপতি-১ পদে মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু ৭২৬ ভোট এবং সহ-সভাপতি-২ পদে মাহমুদুর রহমান শিপন ৫৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

 

​সাধারণ গ্রুপে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ৬১২ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করে বিজয়ী হয়েছেন খন্দকার মেজবাহুল হক রন্টু (দোয়েল পাখি)। দ্বিতীয় স্থানে শ্রী পরিমল চন্দ্র দাস (ফুটবল) ৫৯৬ ভোট, তৃতীয় স্থানে মোঃ আজিজার রহমান মিল্টন (উড়োজাহাজ) ৫৭৯ ভোট, চতুর্থ স্থানে মোঃ শাহিনুর ইসলাম সবুজ (কাপ-পিরিচ) ৫৬৯ ভোট, পঞ্চম স্থানে এস এম নূর-ই আলম সিদ্দিকী পল্লব (হরিণ) ৫৫৭ ভোট, ষষ্ঠ স্থানে মোঃ রাসেদুল ইসলাম (মই) ৫৫৩ ভোট, সপ্তম স্থানে মোঃ শফিকুল ইসলাম খোকন (দোয়াত কলম) ৫৩২ ভোট, অষ্টম স্থানে শামসুল হক বেনু (চেয়ার) ৫২২ ভোট এবং ৪৬৬ ভোট পেয়ে নবম স্থানে বিজয়ী হয়েছেন মোঃ মতিউর রহমান (চশমা)।

 

​নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ‘বাদল-হিরু’ পরিষদের নেতৃবৃন্দ সাধারণ ভোটার ও ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, এই বিজয় বগুড়ার ব্যবসায়ী সমাজের ঐক্য এবং উন্নয়নের ধারাবাহিকতার প্রতিফলন। আগামী দিনে বগুড়ার ব্যবসা-বাণিজ্যের প্রসার ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় এই কমিটি নিরলসভাবে কাজ করে যাবে। এদিকে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত সুশৃঙ্খল, স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করায় সাধারণ ব্যবসায়ী ও সুধীসমাজ নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।