২ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

আদালতের রায় থাকার পরও নির্মাণাধীন প্রাচীর ভাঙচুরের অভিযোগ, বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

মিজানুর রহমান আশিক প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
আদালতের রায় থাকার পরও নির্মাণাধীন প্রাচীর ভাঙচুরের অভিযোগ, বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

আদালতের রায় থাকার পরও নির্মাণাধীন প্রাচীর ভাঙচুরের অভিযোগ, বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

বগুড়া প্রতিনিধি: আদালতের রায় অনুযায়ী বৈধভাবে ক্রয়কৃত জমিতে প্রাচীর নির্মাণ করতে গিয়ে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন মোছা. অজেকা বেগম।

সংবাদ সম্মেলনে তিনি জানান, বগুড়া সদর উপজেলার নিশিন্দারা মৌজার জে.এল. নং-৮০, সি.এস. খতিয়ান নং-৫০৩, আর.এস. খতিয়ান নং-৮০১, ডি.পি. খতিয়ান নং-১১১০৪, সাবেক দাগ নং-৪৩৭৯ ও হাল দাগ নং-১১১১৮-এর ২ শতক জমি তিনি সুলতানগঞ্জ পাড়ার সোনা মিয়ার কাছ থেকে বৈধভাবে ক্রয় করেন।

তিনি দাবি করেন, ওই জমি নিয়ে দায়ের করা ৪৪০/১৪ নম্বর বণ্টন মোকদ্দমায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখে বগুড়ার সিনিয়র সিভিল জজ আদালত তার পক্ষে রায় প্রদান করেন। আদালতের রায়ের পর তিনি জমিতে প্রাচীর নির্মাণের কাজ শুরু করেন।

অভিযোগে বলা হয়, গত রোববার বিকেল প্রায় ৩টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি মুখোশধারী দল নির্মাণাধীন প্রাচীর ভাঙচুর করে। বাধা দিতে গেলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দেয় এবং প্রায় পুরো প্রাচীরটি গুঁড়িয়ে দেয়।

তিনি আরও অভিযোগ করেন, ঘটনার কিছুক্ষণ পর বিবাদী বাবলু মিয়া, মানিক মিয়া এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ গামারের স্ত্রী রুলি বেগমসহ কয়েকজন ঘটনাস্থলে এসে আদালতের রায় অমান্য করে জমিটির মালিকানা দাবি করেন। এ সময় তারা পুনরায় নির্মাণকাজ করলে আবারও ভেঙে ফেলার হুমকি দেন বলেও অভিযোগ করেন তিনি।

অজেকা বেগম বলেন, বিষয়টি বগুড়া সদর থানাকে মৌখিকভাবে অবহিত করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ, আদালতের রায়ের বাস্তবায়ন এবং তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, এসব অভিযোগ সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পক্ষ থেকে উপস্থাপিত বক্তব্য। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে সংযোজন করা হবে।