১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় মাদকসহ ৩ জন গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

মিজানুর রহমান আশিক প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ৮:৫৫ অপরাহ্ন
বগুড়ায় মাদকসহ ৩ জন গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

বগুড়ায় মাদকসহ ৩ জন গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

 

​বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

​মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সোমবার (৬ জুলাই) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ডিএনসি বগুড়ার 'খ' সার্কেলের একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জিয়াউর রহমান।

​অভিযানকালে উপজেলার মাচইল গ্রামের মো. শামীম মণ্ডল (২৮), পানাতাপাড়া গ্রামের মো. মামুন প্রামাণিক (৩৫) এবং উথলি গ্রামের মো. বুলু শেখ (৫৫) নামের তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২০০ গ্রাম গাঁজা ও ০২ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

​পরবর্তীতে উদ্ধারকৃত মাদকসহ আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাদের অপরাধের ভিত্তিতে এই সাজা প্রদান করেন। সাজা ঘোষণার পর জব্দকৃত মাদকদ্রব্যগুলো ঘটনাস্থলেই জনসম্মুখে ধ্বংস করা হয় এবং দণ্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।