কাহালুতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের শারীরিক নির্যাতনের অভিযোগ, তদন্তে ৩ সদস্যের কমিটি
মুরাদ হাসান, কাহালু উপজেলা প্রতিনিধি: বগুড়ার কাহালু উপজেলার মাহমুদা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর আক্তারের বিরুদ্ধে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পঞ্চম শ্রেণির ৯ জন শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর কাছে লিখিত অভিযোগ দাখিল করেছে।
অভিযোগে শিক্ষার্থীরা উল্লেখ করেছে, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে তাদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন। এছাড়া ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা এবং অশালীন ভাষায় গালিগালাজ করারও অভিযোগ করা হয়েছে। শিক্ষার্থীদের দাবি, পড়া ঠিকভাবে পারলেও তিনি বেত দিয়ে মারধর করতেন।
লিখিত অভিযোগ অনুযায়ী, সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে শ্রেণিকক্ষে প্রধান শিক্ষক পঞ্চম শ্রেণির পাঁচজন শিক্ষার্থীকে বেত দিয়ে মারধর করেন। এতে তাদের শরীরে আঘাতের চিহ্ন দেখা যায় এবং তারা আহত হয়।
ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মলিহা খানমকে জানানো হলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। আহত শিক্ষার্থীদের মধ্যে রাজকুমার (১০) ও সুমন (১১)-কে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করা হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক শাহিনুর আক্তার বলেন, “বিদ্যালয়ে শৃঙ্খলা ও পড়ালেখার মান বজায় রাখতে অনেক সময় শিক্ষার্থীদের শাসন করতে হয়।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মলিহা খানম বলেন, শিক্ষার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর অভিযোগের সত্যতা মিললে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।