আসন্ন ইউপি নির্বাচন ঘিরে আমরুল ইউনিয়নে উন্নয়নের প্রতিশ্রুতিতে চেয়ারম্যান পদে আলোচনায় আবু শাহীন সানি
সুজন শাজাহানপুর বগুড়াঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য এবং ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মো. আবু শাহীন সানি।
দীর্ঘ তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে তিনি স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ হিসেবে বিবেচিত হচ্ছেন।
জানা গেছে, ১৯৯১ সালে স্কুলজীবনে সর্বকনিষ্ঠ কর্মী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নেওয়ার মধ্য দিয়ে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। ১৯৯২ সালে আমরুল ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এবং ১৯৯৪ সালে সরকারি কমর উদ্দিন ইসলামিয়া কলেজ ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন।
১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে তিনি হামলা ও মামলার শিকার হন। পরবর্তীতে ১৯৯৭ সালে সরকারি আজিজুল হক কলেজ জাসাসের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি একাধিকবার মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
ছাত্ররাজনীতির পাশাপাশি আমরুল ইউনিয়ন বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আবু শাহীন সানি। ইউনিয়নের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি গঠন, ছাত্রদলকে পুনর্গঠন এবং সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। এছাড়া সদর থানা দক্ষিণ এলাকার ১০টি ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠনে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ আসনের সেন্টার ফোর্সের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। শাজাহানপুর উপজেলা গঠনের পর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে সংগঠনকে সুসংগঠিত করতে কাজ করেন।
২০০৬ সালে জেলা ছাত্রদলের সম্পাদকমণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ার পর জেলা পর্যায়ের রাজনীতিতে আরও সক্রিয় হন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে শাজাহানপুর উপজেলা সেন্টার ফোর্সের প্রধান সমন্বয়কারী এবং পরবর্তীতে জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০১৯ সালে তিনি শাজাহানপুর উপজেলা বিএনপির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন। পরে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করে যাচ্ছেন।
স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতার কারণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আবু শাহীন সানির নাম গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। তবে সম্ভাব্য প্রার্থিতা ও দলীয় মনোনয়নের বিষয়টি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
এদিকে আবু শাহীন সানি বলেন, জন্মভূমি আমরুল ইউনিয়নকে একটি আধুনিক, স্বনির্ভর ও উন্নয়নবান্ধব ইউনিয়নে রূপান্তরিত করাই তার স্বপ্ন। তিনি কৃষিভিত্তিক শিল্প-কারখানা স্থাপন, আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষের সম্প্রসারণ, বেকার যুবকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নদী ও খালকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশ ঘটিয়ে স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করার পরিকল্পনার কথাও তুলে ধরেন।
তার মতে, শিক্ষা, কৃষি, শিল্প, কর্মসংস্থান ও পর্যটনের সমন্বিত উন্নয়নের মাধ্যমে ‘শিক্ষা নগরী’ হিসেবে পরিচিত আমরুল ইউনিয়নকে শাজাহানপুর উপজেলার অন্যতম আধুনিক ও সমৃদ্ধ ইউনিয়নে পরিণত করা সম্ভব। এ লক্ষ্য বাস্তবায়নে সৎ, দক্ষ, দূরদর্শী ও জনবান্ধব নেতৃত্বের বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।