বগুড়ায় র্যাবের অভিযানে ১৩৬ বোতল ইস্কাফসহ মাদক কারবারি আটক, মোটরসাইকেল জব্দ
বগুড়া, ৮ জুলাই ২০২৬: বগুড়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর অভিযানে ১৩৬ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ইস্কাফসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়।
র্যাব-১২, সিপিএসসি বগুড়া সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, রাজশাহীর শিবগঞ্জ এলাকা থেকে মোটরসাইকেলযোগে অবৈধ মাদকদ্রব্য বহন করে বগুড়ার দিকে আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৮ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে বগুড়া সদর উপজেলার এরুলিয়া হাটখোলা বাজার এলাকায় নওগাঁ-বগুড়া চারমাথাগামী সড়কে একটি মাদকবিরোধী চেকপোস্ট পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল।
অভিযানকালে সন্দেহভাজন একটি মোটরসাইকেল তল্লাশি করে ১৩৬ বোতল ইস্কাফ উদ্ধার করা হয়। এ ঘটনায় ছানাউল একরাম শাওন (৩০), পিতা-মৃত জিল্লুর রহমান, গ্রাম-মহেশপুর (১নং ওয়ার্ড), থানা-পলাশবাড়ী, জেলা-গাইবান্ধাকে আটক করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত মাদকের পাশাপাশি মাদক ব্যবসায় ব্যবহৃত একটি Apache RTR 150 মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং তিনটি সিমকার্ড জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিকে উদ্ধারকৃত আলামতসহ বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূল ও অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূলে ভবিষ্যতেও আরও জোরালোভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।