শাজাহানপুরের মোস্তাইল বাজারে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
নিজস্ব প্রতিবেদক,শাজাহানপুরঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলার মোস্তাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শাজাহানপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলার মোস্তাইল বাজার এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন গাবতলী উপজেলার বাগবাড়ি সরকারপাড়া এলাকার মো. মোসলেম সরকারের ছেলে মো. শান্ত বাবু ওরফে সনি (২২) এবং ধুনট উপজেলার বেড়েরবাড়ি এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে মো. নুরুল আমিন (৩৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া মো. শান্ত বাবু ওরফে সনি গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, "অভিযানে দুইজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বগুড়ার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আরো জানান থানা পুলিশের মাদকবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।