১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

শিবগঞ্জে সোফার দোকানে ইয়াবা বিক্রি, ১৫৫ পিস ইয়াবাসহ আটক ১

মিজানুর রহমান আশিক প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ন
শিবগঞ্জে সোফার দোকানে ইয়াবা বিক্রি, ১৫৫ পিস ইয়াবাসহ আটক ১

শিবগঞ্জে সোফার দোকানে ইয়াবা বিক্রি, ১৫৫ পিস ইয়াবাসহ আটক ১

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একটি সোফার দোকানে অভিযান চালিয়ে ১৫৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত শিবগঞ্জ থানার চন্ডিহারা এলাকায় পরিচালিত অভিযানে গ্রেফতার হন মো. মিজানুর রহমান ওরফে মিজু (৪১)। তিনি বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের চাঁদপাড়া এলাকার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়া সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবার একটি চালান ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছে বলে তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে ডিএনসির একটি দল অভিযান পরিচালনা করে চন্ডিহারা এলাকায় ভাড়া নেওয়া “রাকিব সোফা হাউজ” নামের দোকান এবং অভিযুক্তের দেহ তল্লাশি করে।

তল্লাশিকালে একটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটের ভেতর থেকে অ্যাম্ফিটামিনযুক্ত ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ১৫ দশমিক ৫ গ্রাম বলে জানানো হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. তাহিদুল আলম বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

ডিএনসি জানায়, উদ্ধারকৃত ইয়াবার চালানের সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনা হবে।