১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

আরিফ শেখ হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টার মধ্যেই র‍্যাবের অভিযান সফল

মিজানুর রহমান আশিক প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ১০:২১ অপরাহ্ন
আরিফ শেখ হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টার মধ্যেই র‍্যাবের অভিযান সফল

আরিফ শেখ হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টার মধ্যেই র‍্যাবের অভিযান সফল

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার সদর উপজেলার লতিফপুর কলোনী এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর আরিফ শেখ হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক এক আসামিকে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২, সিপিএসসি, বগুড়া।

র‍্যাব-১২ সূত্রে জানা যায়, “বাংলাদেশ আমার অহংকার” স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকে র‍্যাব দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ ও প্রতারণার ঘটনায় জড়িত আসামিদের আইনের আওতায় এনে বাহিনীটি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, পাওনা টাকা ও বিবাহসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে আরিফ শেখ (৩৪)-কে হত্যার ষড়যন্ত্র করে একদল দুর্বৃত্ত। গত ১১ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে বগুড়া সদর উপজেলার লতিফপুর কলোনী এলাকার বেলজিয়াম মাঠের উত্তর পাশে প্রীতি প্রাইমারি স্কুলের পেছনে একটি গলিতে আরিফ শেখকে কৌশলে ডেকে নেওয়া হয়। সেখানে সংঘবদ্ধভাবে লাঠি, লোহার রড, রামদা ও ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা নং-৬৩, তারিখ ১১ জুলাই ২০২৬, ধারা ১৪৩/৩০২/১১৪/৩৪, দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী একটি হত্যা মামলা দায়ের করা হয়।

ঘটনার পরপরই র‍্যাব-১২, সিপিএসসি, বগুড়া মামলার আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার এজাহারভুক্ত ১১ নম্বর পলাতক আসামি মো. নয়ন (২৪) লতিফপুর কলোনী এলাকায় অবস্থান করছেন।

এর পরিপ্রেক্ষিতে ১১ জুলাই ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে র‍্যাব-১২ একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নয়ন বগুড়া সদর উপজেলার লতিফপুর কলোনী এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম মো. আলাউদ্দিন আলো।

র‍্যাব জানায়, চাঞ্চল্যকর এই হত্যা মামলার ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই পলাতক আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।