১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্ব জনসংখ্যা দিবস শাজাহানপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সুজন শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন
বিশ্ব জনসংখ্যা দিবস শাজাহানপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বিশ্ব জনসংখ্যা দিবস শাজাহানপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

 

সুজন শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

 

 বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি। বিশেষ অতিথি ছিলেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিক ইকবাল এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিকল্পিত পরিবার গঠন, জনসংখ্যা নিয়ন্ত্রণ, মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠন সম্ভব। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা ও পরিবার পরিকল্পনা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে তারা এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

সভা শেষে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।