প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বগুড়া বিয়াম মডেল স্কুল অভাবনীয় সাফল্য: বৃত্তি প্রাপ্তির হার ৫৮%
মাজেদুর রহমান: সদ্য ঘোষিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বগুড়া সদর উপজেলায় বরাবরের মতোই নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বিয়াম মডেল স্কুল ও কলেজ, বগুড়া। প্রতিষ্ঠানটি থেকে এবার মোট ১৪৮ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, যাদের মধ্যে রেকর্ড সংখ্যক ৮৬ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করতে সক্ষম হয়েছে। সামগ্রিকভাবে এই প্রতিষ্ঠানে বৃত্তি প্রাপ্তির হার দাঁড়িয়েছে প্রায় ৫৮ শতাংশ।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বগুড়া সদর উপজেলায় মোট ট্যালেন্টপুল বৃত্তি (বেসরকারি) প্রাপ্ত ৭৯ জন শিক্ষার্থীর মধ্যে ৪৩ জনই বিয়াম মডেল স্কুল ও কলেজের। অর্থাৎ, উপজেলার অর্ধেকেরও বেশি ট্যালেন্টপুল বৃত্তি একাই ছিনিয়ে নিয়েছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। একইভাবে, সাধারণ বৃত্তি (বেসরকারি) ক্যাটাগরিতেও উপজেলায় মোট ১১৮ জনের মধ্যে ৪৩ জন শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে সফলতার সাথে বৃত্তি পেয়েছে। সব মিলিয়ে উপজেলার মোট ১৯৭টি বৃত্তির মধ্যে ৮৬টিই অর্জন করেছে বিয়ামের শিক্ষার্থীরা।
এই অভাবনীয় সাফল্যে আনন্দের বন্যা বইছে বিদ্যালয় প্রাঙ্গণ ও অভিভাবকদের মাঝে। প্রতিষ্ঠানের এই গৌরবময় অর্জনে গভীর সন্তোষ প্রকাশ করে বিয়াম মডেল স্কুল ও কলেজ, বগুড়ার অধ্যক্ষ মুহা. মুস্তাফিজুর রহমান সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবকদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, শিক্ষার্থীদের গভীর অধ্যাবসায় এবং অভিভাবকদের সচেতন সহযোগিতার ফলেই এই গৌরব অর্জন সম্ভব হয়েছে এবং ভবিষ্যতে এই সফলতার ধারা অব্যাহত থাকবে।