২ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

এমপি মো. মোশারফ হোসেনের নির্দেশনায় কাহালুর জলাবদ্ধ এলাকা পরিদর্শন, দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ

মুরাদ হাসান কাহালু প্রতিনিধি : প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ৮:১১ অপরাহ্ন
এমপি মো. মোশারফ হোসেনের নির্দেশনায় কাহালুর জলাবদ্ধ এলাকা পরিদর্শন, দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ

এমপি মো. মোশারফ হোসেনের নির্দেশনায় কাহালুর জলাবদ্ধ এলাকা পরিদর্শন, দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ

 

মুরাদ হাসান কাহালু প্রতিনিধি : জাতীয় সংসদের বাজেট অধিবেশন চলমান থাকায় নির্বাচনী এলাকায় ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে না পারলেও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের মাননীয় সংসদ সদস্য মো. মোশারফ হোসেন-এর নির্দেশনায় কাহালু উপজেলার বিভিন্ন জলাবদ্ধ এলাকা সরেজমিনে পরিদর্শন করা হয়েছে।

 

এ উপলক্ষে কাহালু উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছা. মলিহা খানম উপজেলার নারহট্ট ইউনিয়নের মোল্লাপাড়া থেকে বিবিরপুকুর পর্যন্ত, বীরকেদার ইউনিয়নের শেখাহার এবং দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর তালুকদারপাড়া এলাকার জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ, সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

 

এ সময় নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে তাৎক্ষণিকভাবে বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং জলাবদ্ধতা নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি পানি নিষ্কাশনের বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি সমাধানের উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

 

এম.পি মো. মোশারফ হোসেন জানান, জাতীয় সংসদের অধিবেশনে ব্যস্ত থাকলেও নির্বাচনী এলাকার মানুষের সমস্যা সমাধানে তিনি সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।

 

স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, দ্রুত কার্যকর পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা দূর হবে এবং এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।