শাজাহানপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা, দোয়া ও উপহার বিতরণ
সুজন, শাজাহানপুর (বগুড়া):
জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে আলোচনা সভা, দোয়া মাহফিল, বিশেষ মোনাজাত এবং জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা আহত যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি দেশের শান্তি, গণতন্ত্র ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ ইকবাল এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি আলহাজ আব্দুল হাকিম মণ্ডল, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু শাহীন সানিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ ছাড়া অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।