১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

শাজাহানপুরে ছিনতাই মামলার আসামি মাহিন গ্রেপ্তার, উদ্ধার হলো ছিনতাইকৃত মোটরসাইকেল

সুজন শাজাহানপুর বগুড়াঃ প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন
শাজাহানপুরে ছিনতাই মামলার আসামি মাহিন গ্রেপ্তার, উদ্ধার হলো ছিনতাইকৃত মোটরসাইকেল

শাজাহানপুরে ছিনতাই মামলার আসামি মাহিন গ্রেপ্তার, উদ্ধার হলো ছিনতাইকৃত মোটরসাইকেল

 

সুজন শাজাহানপুর বগুড়াঃ

 

বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়া এলাকার বাসিন্দা ও ছিনতাই মামলার আসামি মো: মোকছেদুর রহমান মাহিন (২০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

 এ সময় তার দেখানো মতে ছিনতাইকৃত একটি বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, ধুনট উপজেলার বাসিন্দা মো. শাহাদাত হোসেন শেরপুর থানায় দায়ের করা একটি ছিনতাই মামলার বাদী। গত বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্বজনকে ভর্তি করিয়ে কোম্পানির মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে শেরপুর উপজেলার গাড়ীদহ ওভারব্রিজ এলাকায় পৌঁছালে অজ্ঞাত তিন ছিনতাইকারী তার গতিরোধ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে একটি বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

 

ঘটনার পর শেরপুর থানা পুলিশ ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করে। 

একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ছিনতাইকারীরা শাজাহানপুর উপজেলার বি-ব্লক ফ্লাইওভারের কাছে ঢাকা অভিমুখী একটি ট্রাকের গতিরোধের চেষ্টা করছে। এ সময় ট্রাকের ধাক্কায় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। 

পরে স্থানীয় লোকজন একজনকে আটক করে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে হেফাজতে নেয়। আটককৃত মোকছেদুর রহমান মাহিন (২০),শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়ার রবিউল ইসলামের বলে পরিচয় দেন এবং ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

পরে মাহিনের দেখানো মতে ছিনতাইকৃত বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলটি উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তার এবং ছিনতাইকৃত বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেন শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল।