১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান শ্রমিক দলের কার্যালয় দখলের চেষ্টা, অবৈধ কমিটি গঠন ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

নিউজ ডেস্কঃ প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ২:৫২ অপরাহ্ন
বগুড়ায় জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান শ্রমিক দলের  কার্যালয় দখলের চেষ্টা, অবৈধ কমিটি গঠন ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

বগুড়ায় জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান শ্রমিক দলের 

কার্যালয় দখলের চেষ্টা, অবৈধ কমিটি গঠন ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

 

 

বগুড়ায় জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান শ্রমিক দলের 

কার্যালয় দখলের চেষ্টা, ট্রেড ইউনিয়নের নিয়ম অনুসরণ না করে কমিটি গঠন এবং জাতীয়তাবাদী শ্রমিক নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বগুড়া জেলা জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান শ্রমিক দল।

শনিবার (১৮ জুলাই) দুপুরে বগুড়া শহরের সাতমাথা হোটেল শ্রমিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক এ বি এম বকুল মোল্লা।

সংবাদ সম্মেলনের শুরুতে তিনি জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদসহ ২০২৪ সালের আন্দোলনে নিহত সকল শহীদ এবং আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে ১৪ দলের বিভিন্ন নেতার সঙ্গে বগুড়ার হোটেল রেস্তোরা শ্রমিক ইউনিয়ন ও বেকারি অ্যান্ড কনফেকশনারি শ্রমিক ইউনিয়নের নেতারা ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন এবং তাদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেন। তিনি দাবি করেন, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর জেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট কার্যালয়টি পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরে কার্যালয়টি সংস্কার করে ২০২৪ সালের অক্টোবর থেকে জাতীয়তাবাদী শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা সেখানে অস্থায়ীভাবে কার্যক্রম পরিচালনা করছেন। একই সঙ্গে শ্রমিকদের বিনোদনের জন্য কেরাম বোর্ডের ব্যবস্থাও করা হয়েছে।

তিনি আরও দাবি করেন, বগুড়া বেকারি অ্যান্ড কনফেকশনারি শ্রমিক ইউনিয়নের কার্যক্রম আদালতে চলমান মামলার কারণে স্থগিত রয়েছে। এ অবস্থায় গত ৩ জুলাই জেলা পরিষদ মিলনায়তনে ট্রেড ইউনিয়নের বিধি অনুসরণ না করে সাধারণ সভা আয়োজন এবং একই দিন নতুন কমিটি ঘোষণা করা হয়েছে, যা শ্রম আইনের পরিপন্থী বলে তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গত ৬ জুলাই বগুড়া বেকারি মালিক সমিতির প্রতিনিধি সভায় আকবরিয়া গ্রুপের চেয়ারম্যান আলাল উদ্দিন (আলাল) কথিত অবৈধ কমিটির কার্যক্রমের প্রতিবাদ জানিয়েছেন। এ বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তাকে ধন্যবাদ জানান বক্তা।

এ বি এম বকুল মোল্লা অভিযোগ করেন, গত ১০ জুলাই রাত ৯টার দিকে এবং ১৪ জুলাই রাত সাড়ে ১০টার দিকে নুর মোহাম্মদ রাঙ্গার নেতৃত্বে ৮ থেকে ১০ জন লোক কার্যালয় দখলের উদ্দেশ্যে হামলার চেষ্টা চালায়। এ ঘটনায় বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও তিনি জানান। তার দাবি, নুর মোহাম্মদ রাঙ্গা বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য হওয়ায় তিনি শ্রমিক নেতা হিসেবে পরিচয় দেওয়ার সুযোগ নেই।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, বিগত সময়ে জাতীয়তাবাদী হোটেল-রেস্তোরা শ্রমিক ইউনিয়নের কার্যক্রম বাধাগ্রস্ত করা হয়েছে এবং তাদের নেতাকর্মীদের পরিচয়পত্র ছিঁড়ে ফেলা, ভয়ভীতি প্রদর্শন ও নির্যাতনের মতো ঘটনা ঘটেছে। বর্তমানে কিছু অনলাইন মাধ্যমে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও তিনি দাবি করেন।

এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, কার্যালয় দখলের চেষ্টা ও অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বিষয়টি নিষ্পত্তিতে প্রশাসন, বগুড়া জেলা বিএনপি ও জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জাতীয়তাবাদী হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি সাদেক আলী, শহর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আহসান সাব্বির সোহাগ, জাতীয়তাবাদী দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি সোহেল সরকার ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শেখ।

এছাড়াও উপস্থিত ছিলেন রিক্সা-ভ্যান শ্রমিক নেতা আলামিন হোসেন, জনাব আলী, রুস্তম আলী, সুমন তালুকদার, আমিনুর ইসলাম, আবুল কালাম আজাদ, আইয়ুব আলী, আপেল, নজরুল ইসলাম, হোটেল শ্রমিক নেতা সেলিম লস্কর, কামরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।