কালাইয়ে শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময়
মোঃ মোকাররম হোসাইন
জয়পুরহাট প্রতিনিধি:
১৮.৭.২৬
শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে জয়পুরহাটের কালাই উপজেলায় ১০৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।
শনিবার (১৮ জুলাই) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের মোট ১০৭ জন প্রতিষ্ঠান প্রধান অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী বলেন, একটি জাতির উন্নয়নের প্রধান ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। শিক্ষকদের নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার মাধ্যমেই শিক্ষার্থীদের দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।
তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান, শৃঙ্খলা, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং শিক্ষার মানোন্নয়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী মিসেস নাজমা আরা বারী, কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহবুব, কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিমসহ উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
এর আগে উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৬০০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।