বগুড়ায় লাইসেন্স ও নথিপত্রে অসঙ্গতি: ডা. শামিউল ডায়াবেটিক ক্লিনিককে জরিমানা ও আল্টিমেটাম
নিজস্ব প্রতিবেদক:
ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স ব্যবহার করে হাসপাতাল পরিচালনা, শর্ত লঙ্ঘন এবং প্রয়োজনীয় কাগজপত্রে অসঙ্গতি পাওয়ার অভিযোগে বগুড়ায় "ডা. শামিউল ডায়াবেটিক ক্লিনিক ও জেনারেল হাসপাতাল"-এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
অভিযানকালে প্রতিষ্ঠানটির কার্যক্রমে বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC)-এর অফিসিয়াল ওয়েবসাইটে নিবন্ধিত চিকিৎসকের নামের সাথে প্রতিষ্ঠানের কাছে সংরক্ষিত লাইসেন্সের ডুপ্লিকেট কপির নামের মিল পাওয়া যায়নি। সংশ্লিষ্ট চিকিৎসকের দাবি অনুযায়ী এটি একটি করণিক (Typographical) ভুল হলেও, লাইসেন্স ও অন্যান্য কাগজপত্রে একাধিক ত্রুটি পরিলক্ষিত হয়।
পরিস্থিতি বিবেচনায় আদালত প্রতিষ্ঠানটিকে সকল লাইসেন্স হালনাগাদ করা, নামসংক্রান্ত দাবিকৃত করণিক ভুল সংশোধন এবং কাগজপত্রের সকল অসঙ্গতি ও ত্রুটি নিরসনের জন্য ১ (এক) মাস সময় প্রদান করেছেন। পাশাপাশি, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠানটিকে ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই মোবাইল কোর্টে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে সিভিল সার্জন কার্যালয়, বগুড়া এবং জেলা পুলিশ, বগুড়ার একটি দল।