১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

র‌্যাব-১২-এর পৃথক অভিযানে গরু চুরি মামলার ৩ আসামি গ্রেপ্তার, ট্রাকসহ ৫টি গরু উদ্ধার

নিউজ ডেস্কঃ প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ২:৪২ অপরাহ্ন
র‌্যাব-১২-এর পৃথক অভিযানে গরু চুরি মামলার ৩ আসামি গ্রেপ্তার, ট্রাকসহ ৫টি গরু উদ্ধার

র‌্যাব-১২-এর পৃথক অভিযানে গরু চুরি মামলার ৩ আসামি গ্রেপ্তার, ট্রাকসহ ৫টি গরু উদ্ধার

নওগাঁ জেলার রাণীনগর থানার একটি গরু চুরি মামলার তদন্তে প্রাপ্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক এবং চুরি হওয়া পাঁচটি গরু উদ্ধার করা হয়।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার রাণীনগর থানার মামলা নং-১০, জিআর নং-৭৩/২০২৬ (তারিখ: ১২ জুলাই ২০২৬) এর তদন্তের সূত্র ধরে সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২-এর একটি আভিযানিক দল ২১ জুলাই রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে বগুড়া সদর থানার ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. রাব্বানী সাখিদার (৩৯) কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন, দুটি সিম কার্ড এবং নগদ ১ হাজার ৩৪০ টাকা জব্দ করা হয়।

পরবর্তীতে র‌্যাব-১২-এর সিপিএসসি বগুড়া এবং র‌্যাব-৫-এর সিপিসি-২ নাটোরের যৌথ আভিযানিক দল ২২ জুলাই ভোর আনুমানিক সাড়ে ৩টায় নাটোর জেলার সিংড়া উপজেলার ৯ নম্বর তাজপুর গ্রামে পৃথক অভিযান পরিচালনা করে। এ অভিযানে শ্রী সুজিত হালদার (৪০) এবং শ্রী সুচন্দন হালদার (২৩) নামে আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে চুরি কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয় এবং চুরি হওয়া পাঁচটি গরু উদ্ধার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নওগাঁ জেলার রাণীনগর উপজেলার গোনা দিঘীর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মো. খোকন সরদার (৪২) গত ১০ জুলাই রাতে তার গোয়ালঘরে গরু রেখে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোররাতে গোয়ালঘরের তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে তিনি ভেতরে প্রবেশ করে গরুগুলো না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে গরুগুলোর সন্ধান না পেয়ে রাণীনগর থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁ জেলার রাণীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২-এর পক্ষ থেকে জানানো হয়, অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব সর্বদা তৎপর রয়েছে।