বগুড়ায় ডিবির অভিযানে ৪ লাখ ৫৩ হাজার টাকার জাল নোট উদ্ধার, গ্রেফতার ১
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বগুড়ার বিশেষ অভিযানে ৪ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের জাল নোট উদ্ধার এবং এক জাল নোট ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বগুড়ার এসআই (নিরস্ত্র) মো. আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানার জজ কোর্ট চত্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মো. রফিকুল ইসলাম (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারইল গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম মো. ছলিম উদ্দিন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতের হেফাজত থেকে ১,০০০ টাকা মূল্যমানের ৪৫৩টি জাল নোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য ৪ লাখ ৫৩ হাজার টাকা। উদ্ধারকৃত জাল নোটগুলো জব্দ করা হয়েছে।
ডিবি আরও জানায়, গ্রেফতারকৃত রফিকুল ইসলামের বিরুদ্ধে এর আগে জাল টাকা ও চেক জালিয়াতিসহ মোট ৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বগুড়া।