বগুড়ায় ২ হাজার ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী অভিযানে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে বগুড়া মহানগরের ইয়াকুবিয়া স্কুল মোড় এলাকার কাজী ওয়াকফ টাওয়ারের উত্তর পাশের পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মো. স্বপন মিয়ার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন বগুড়া মহানগরের চারমাথা ধমকপাড়া এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে মো. আব্দুল্লাহ আল রাহাত মামুন (২২)।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারের সময় মামুনের কাছে থাকা একটি মাঝারি আকারের স্পিকার বক্স তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। স্পিকার বক্সের ভেতরে সাদা কস্টেপে মোড়ানো দুটি পুঁটলি পাওয়া যায়। প্রতিটি পুঁটলিতে ১০টি করে ছোট নীল রঙের এয়ারটাইট প্যাকেট ছিল। মোট ২০টি প্যাকেটের প্রতিটিতে ১০০টি করে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন জানান, বগুড়া মহানগরের চারমাথা ভবেরবাজার এলাকায় অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠান ‘আলামিন ওয়েল্ডিং অ্যান্ড ওয়ার্কশপ’-এর ড্রয়ারে আরও ইয়াবা মজুত রয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিকেল সাড়ে ৫টার দিকে ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে একটি নীল রঙের পলিথিন প্যাকেট থেকে আরও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন দীর্ঘদিন ধরে বগুড়া শহরের বিভিন্ন মাদকসেবী ও ক্রেতার কাছে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
উদ্ধারকৃত মোট ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।