বগুড়ায় বিমানবন্দরের উন্নয়ন ও আধুনিকায়নে মতবিনিময় সভা
বগুড়া বিমানবন্দরের উন্নয়ন, আধুনিকায়ন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বগুড়া সদর আসনের এমপি রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার ভাইস এয়ার অফিসার কমান্ডিং মার্শাল শামীমুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুলাই বুধবার দুপুর ১টায় ফ্লাইং ইন্সট্রাক্টরস্ স্কুলে এ মতবিনিময় সভা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুলের অফিসার কমান্ডিং গ্রুপ ক্যাপ্টেন সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মুহাম্মদ রায়হান, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সম্পাদক শ্রী পরিমল চন্দ্র দাস।
আলোচনা সভায় বক্তারা, বগুড়া বিমানবন্দরের অবকাঠামোগত উন্নয়ন, কার্যক্রম সম্প্রসারণ এবং অঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে বিমানবন্দরের সম্ভাব্য ভূমিকা তুলে ধরেন। এসময় সংশ্লিষ্ট বিষয়গুলো বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
এয়ার ভাইস মার্শাল শামীমুল ইসলাম বলেন, বাংলাদেশ সরকার বগুড়ার এরুলিয়ায় অবস্থিত বিদ্যমান এয়ারফিল্ডটিকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার আনুষ্ঠানিক পরিকল্পনা গ্রহণ করেছে। বিমানবন্দরটির পাশাপাশি এখানে একটি পূর্ণাঙ্গ আধুনিক বিমানঘাঁটি এবং দক্ষ পাইলট তৈরির জন্য একটি ফ্লাইং একাডেমি স্থাপনের কাজও অন্তর্ভুক্ত রয়েছে।
এতে উত্তরাঞ্চলের ১৬টি জেলার যোগাযোগ ব্যবস্থা সহজ করা, আমদানি-রপ্তানি ও পণ্য পরিবহনে (কার্গো সুবিধা) গতি আনা এবং এভিয়েশন হাব হিসেবে গড়ে উঠবে।
পাশাপাশি দেশের আকাশসীমা সুরক্ষা ও সামরিক সক্ষমতা বাড়াতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পূর্ণাঙ্গ ঘাঁটি বা স্টেশনও স্থাপন করা হবে।