জয়পুরহাটে গভীর নলকূপের তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি
মোঃ মোকাররম হোসাইন
জয়পুরহাট প্রতিনিধি:
২৯.৭.২৬
জয়পুরহাটে গভীর নলকূপের তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জুলাই) রাতে ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের সুজাপুর মাঠে বিএমডিএর গভীর নলকূপের তিনটি ট্রান্সফরমারের খোলস খুলে ভেতরের মূল্যবান যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায় চোরেরা।
জানা গেছে, প্রায় ২৪ বছর আগে স্থানীয় কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে বিএমডিএর উদ্যোগে গভীর নলকূপটি স্থাপন করা হয়। তবে পার্শ্ববর্তী কয়েকটি গভীর নলকূপের প্রভাবশালী মালিকদের হস্তক্ষেপ এবং স্কিমের সীমানা-সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘদিন এটি চালু করা সম্ভব হয়নি। ফলে সরকারি নলকূপটি প্রায় ২৪ বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। পরে উপজেলা সেচ কমিটি ও বিএমডিএর সহযোগিতায় গত বছর গভীর নলকূপটিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে সেচ কার্যক্রম চালু করা হয়। এতে কৃষকদের মধ্যে স্বস্তি ফিরলেও মাত্র এক বছরের মাথায় ট্রান্সফরমার চুরির ঘটনায় সেই আশায় ভাটা পড়েছে। বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিদ্যুতের খুঁটিতে তার, পাম্পের মোটর ও অন্যান্য সরঞ্জাম থাকলেও ট্রান্সফরমারগুলোর যন্ত্রাংশ নেই। ট্রান্সফরমারের খোলস ঘটনাস্থলেই ফেলে রাখা হয়েছে।
গভীর নলকূপ পরিচালনা কমিটির সভাপতি আলী হাসান মিলন বলেন, সরকারি এই সেচ প্রকল্প এলাকার শতাধিক কৃষকের জীবিকার সঙ্গে জড়িত। দ্রুত তদন্ত করে চুরি হওয়া ট্রান্সফরমার উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে সরকারি খরচে নতুন ট্রান্সফরমার স্থাপন করে দ্রুত সেচ কার্যক্রম চালুর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ মুক্তারুল আলম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।