শাজাহানপুরের আলোচিত রঞ্জু হত্যা: ৭ দিনের মাথায় পলাতক আসামি সজল গ্রেফতার
সুজন শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলার আলোচিত রঞ্জু হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর পলাতক আসামি মো. সজল মিঞা (৩৫)-কে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে ঢাকার মিরপুরের পল্লবী এলাকা থেকে র্যাব-১২, সিপিএসসি বগুড়া এবং র্যাব-৪, সদর কোম্পানীর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ জুলাই রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে শাজাহানপুর উপজেলার ঘাসিরা পশ্চিমপাড়া এলাকায় একটি ইটভাটার পূর্ব পাশে মো. খোরশেদ ও তার ছেলে মো. জোবায়েরের ওপর হামলার ঘটনা ঘটে। তাদের উদ্ধার করতে গেলে রঞ্জু মিয়াকে ধারালো বার্মিজ চাকু দিয়ে বুক ও পেটের মাঝামাঝি স্থানে আঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, মামলার এজাহারভুক্ত ২ নম্বর পলাতক আসামি মো. সজল মিঞা গ্রেফতার এড়াতে ঢাকার মিরপুরের পল্লবী থানার লালমাটিয়া বাউনিয়াবাধ এলাকায় আত্মগোপনে রয়েছেন।
পরে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সজল মিঞার বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার ঘাষিড়া গ্রামে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ সি পি এস সি বগুড়া জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং চাঞ্চল্যকর মামলার আসামিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান আরও জোরদার করা হবে।