বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে ৬০ হাজার ও ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ায় অনিয়ম ও চিকিৎসকের অনুপস্থিতির অভিযোগে মডার্ন ডায়াগনস্টিক এন্ড ক্লিনিককে ৬০ হাজার টাকা এবং বিএমডিসি’র নিবন্ধন ছাড়াই রোগী দেখার অপরাধে এনামুল হক নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ ৩০ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ, বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এক মোবাইল কোর্টে এই দণ্ড প্রদান করা হয়। অভিযানে সহযোগিতা করে সিভিল সার্জন অফিস, বগুড়া ও বাংলাদেশ পুলিশ, বগুড়া।
অভিযানকালে দেখা যায়, ওই ডায়াগনস্টিক সেন্টারে কোনো ডিউটি ডাক্তার ও প্রয়োজনীয় রেজিস্টার্ড নার্স উপস্থিত ছিলেন না। এছাড়া প্রতিষ্ঠানের পরিবেশ সন্তোষজনক না থাকা এবং ল্যাবরেটরির পরীক্ষার রিপোর্ট সংরক্ষণের কোনো প্রয়োজনীয় রেকর্ড পাওয়া যায়নি। এসব অনিয়মের দায়ে সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটিকে ৬০,০০০ (ষাট হাজার) টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, একই অভিযানে এনামুল হক নামের এক ব্যক্তি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC)-এর নিবন্ধন ছাড়াই দীর্ঘদিন ধরে এলোপ্যাথি চিকিৎসা প্রদান, অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব এবং বিভিন্ন রোগ নির্ণয়ের পরীক্ষা দিয়ে আসছিলেন। বিষয়টি প্রমাণিত হওয়ায় বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী তাকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।