১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলার সমাপনী, বিক্রি ৫৩ লাখ টাকার চারা

বগুড়া প্রতিনিধিঃ প্রকাশিত: জুলাই ৩০, ২০২৬, ৭:১২ অপরাহ্ন
বগুড়ায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলার সমাপনী, বিক্রি ৫৩ লাখ টাকার চারা

বগুড়ায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলার সমাপনী, বিক্রি ৫৩ লাখ টাকার চারা

 

বগুড়া প্রতিনিধি: 

বগুড়ায় ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের শহীদ টিটু মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

সামাজিক বন বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ মেলায় সরকারি তিনটিসহ মোট ৪০টি স্টল অংশগ্রহণ করে। মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হয়।

 

আয়োজক সূত্রে জানা যায়, মেলায় মোট ৫৩ লাখ ১৭ হাজার ৭৯৯ টাকার গাছের চারা বিক্রি হয়েছে। বিক্রিত চারার সংখ্যা ছিল ৫০ হাজার ৩টি। প্রতিদিন গড়ে প্রায় পাঁচ হাজার চারা বিক্রি হয়েছে বলে জানানো হয়।

 

সমাপনী অনুষ্ঠানে শ্রেষ্ঠ স্টল ও বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে বই ও গাছের চারা বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ। বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সোহেল রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বন বিভাগের কর্মকর্তা মো. মোতলবুর রহমান।