১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: আজিজুর রহমান বিদ্যুৎ

সুজন শাজাহানপুর প্রতিনিধি: প্রকাশিত: অগাস্ট ১, ২০২৬, ৩:০৪ অপরাহ্ন
মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: আজিজুর রহমান বিদ্যুৎ

মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: আজিজুর রহমান বিদ্যুৎ

 

সুজন শাজাহানপুর প্রতিনিধি:

 

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর বেলপুকুর স্কুল মাঠে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সাজাপুর বেলপুকুর যুব উন্নয়ন টাইগার ক্লাবের উদ্যোগে এক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে আয়োজিত এই টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান বিদ্যুৎ।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। আজকের যুব সমাজই আগামী দিনের দেশের শক্তি। দেশ গড়ার লক্ষ্যে জনাব তারেক রহমান যুবসমাজকে তাদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেবেন, ইনশাআল্লাহ।" তিনি যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থেকে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

টুর্নামেন্টের উদ্বোধন করেন শাজাহানপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।

মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা মজনু, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরুননবী সোনার, জেলা ছাত্রদলের নেতা মেহেদী হাসান, ছাত্রদল নেতা বাশার, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম বাবু, শামসুর রহমান, শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক বাবলু মণ্ডলসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। খেলাটি উপভোগ করতে মাঠে বিভিন্ন বয়সী বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল।