১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ: বগুড়ায় এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ, ছাত্রদলের বিক্ষোভ

বগুড়া প্রতিনিধিঃ প্রকাশিত: অগাস্ট ১, ২০২৬, ৩:২৭ অপরাহ্ন
তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ: বগুড়ায় এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ, ছাত্রদলের বিক্ষোভ

তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ: বগুড়ায় এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ, ছাত্রদলের বিক্ষোভ

 

বগুড়া জেলা প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও অশালীন মন্তব্যের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বগুড়া জেলা ছাত্রদল। এ সময় তানভীরের কুশপুত্তলিকা দাহ ও তাতে জুতা নিক্ষেপ করা হয়। পাশাপাশি বগুড়া শহরের বিভিন্ন স্থানে টাঙানো এনসিপি নেতাদের ব্যানার-পোস্টার অপসারণ করে ছিঁড়ে ফেলা হয়। কয়েকটি ব্যানারে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

 

শনিবার (১ আগস্ট) বেলা ২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মোড় হয়ে বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। মিছিলটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

মিছিলটি সাতমাথা চত্বরে পৌঁছালে সেখানে বিক্ষুব্ধ নেতাকর্মীরা গাজী সালাউদ্দিন তানভীরের কুশপুত্তলিকা দাহ করেন এবং তাতে জুতা নিক্ষেপ করেন। 

পরে সাতমাথা এলাকার বিভিন্ন সাইনবোর্ড ও বিলবোর্ডে টাঙানো এনসিপির কেন্দ্রীয় নেতা গাজী সালাউদ্দিন তানভীরের ব্যানার-পোস্টার অপসারণ করা হয়। এসব ব্যানার-পোস্টারের কয়েকটি ছিঁড়ে ফেলার পাশাপাশি কয়েকটিতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

 

এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন। এতে সাতমাথা চত্বর উত্তাল হয়ে ওঠে। ছাত্রদলের নেতাকর্মীরা গাজী সালাউদ্দিন তানভীরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

বিক্ষোভ সমাবেশে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে কোনো ধরনের অশালীন মন্তব্য ও কটূক্তি মেনে নেওয়া হবে না। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় সমাবেশে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীসহ দলটির কয়েকজন নেতার বক্তব্য নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেন।

 

বক্তারা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে; কিন্তু কোনো রাজনৈতিক নেতা বা তাঁর পরিবারের সদস্যদের নিয়ে অশালীন ও আপত্তিকর বক্তব্য দেওয়া রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। তারা গাজী সালাউদ্দিন তানভীরসহ যাদের বিরুদ্ধে এ ধরনের বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

 

বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্রদল নেতারা বগুড়াসহ সারা দেশে গাজী সালাউদ্দিন তানভীর ও এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার দাবি জানান। এ সময় বক্তারা বলেন, তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে অশালীন বক্তব্য দেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে রাজনৈতিক ও আইনগতভাবে প্রতিবাদ অব্যাহত থাকবে।

 

বক্তব্যে কয়েকজন ছাত্রদল নেতা আরও বলেন, এ ধরনের বক্তব্যের মাধ্যমে রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। সমাবেশে বক্তাদের কেউ কেউ কঠোর ভাষায় হুঁশিয়ারি দিলেও আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বানও জানানো হয়।

 

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বগুড়া জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামস ইসলাম সাগর, সহসভাপতি মশিউর, যুগ্ম সাধারণ সম্পাদক রিহাদ হোসেন, সহসাধারণ সম্পাদক জিতু, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রকিবুল ইসলাম, সদস্যসচিব রাফিউল আলামিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিপ্লব, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হীরা, সদস্যসচিব সোহাগ, বগুড়া সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসাইনসহ জেলা ছাত্রদল এবং ২৮টি ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সমাবেশে বক্তারা গাজী সালাউদ্দিন তানভীরের কথিত বক্তব্যের জন্য তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে রাজনৈতিক বক্তব্যে শালীনতা ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান তারা।

 

পরে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি ও বিক্ষোভ মিছিল-সমাবেশের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের বক্তব্যের মধ্য দিয়ে সাতমাথায় অনুষ্ঠিত কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

 

 

রিহাদ হোসেন 

বগুড়া 

০১৩৩০৬০৯৫২১

০১/০৮/২০২৬