প্রধানমন্ত্রী,বিএনপি চেয়ারম্যানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে
শাজাহানপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
সুজন শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির দুই নেতার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বগুড়া জেলা ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শাজাহানপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ আগস্ট) সন্ধ্যা ৬টায় মাঝিড়া উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-বগুড়া মহাসড়কসহ আশপাশের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ছোটনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মুঞ্জিল আলম শিপন, ইমতিয়াজ পায়েল, আবু বক্কর সিদ্দিক, যুগ্ম-সম্পাদক রাকিব হোসেন, ইনসান আলী ও মিজানুর রহমান, প্রচার সম্পাদক রবিউল ইসলাম রবি, দপ্তর সম্পাদক রিয়াদ আল মাহমুদ, ছাত্রদল নেতা সাব্বির আহম্মেদ, আব্দুল্লাহ মোহন, রাসেল, রিফাত, রবিউল সানী এবং ছাত্রদল নেত্রী সাদিয়া সুলতানা। এ সময় উপজেলার ৯টি ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারী ও গাজী সালাউদ্দিন তানভীর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যা তারা নিন্দনীয় ও অগ্রহণযোগ্য বলে দাবি করেন।
বক্তারা আরও বলেন, তারেক রহমান শুধু একটি রাজনৈতিক দলের প্রধান নন, তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী। তাই দেশের একজন শীর্ষ রাষ্ট্রীয় নেতৃত্বকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত এবং ভবিষ্যতে সংযত আচরণ করা প্রয়োজন।