১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

শাজাহানপুরের রঞ্জু হত্যা মামলার প্রধান আসামি সাকিব ওরফে রোজ ঢাকায় গ্রেপ্তার

সুজন শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ প্রকাশিত: অগাস্ট ৫, ২০২৬, ৯:২৮ অপরাহ্ন
শাজাহানপুরের রঞ্জু হত্যা মামলার প্রধান আসামি সাকিব ওরফে রোজ ঢাকায় গ্রেপ্তার

শাজাহানপুরের রঞ্জু হত্যা মামলার প্রধান আসামি সাকিব ওরফে রোজ ঢাকায় গ্রেপ্তার

 

সুজন 

শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ

 

বগুড়ার শাজাহানপুর উপজেলার আলোচিত রঞ্জু হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি মো. নাজমুল সাকিব ওরফে রোজ (২৫)-কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)।

 

র‍্যাব-১২ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৪ আগস্ট) রাতে ঢাকার পল্লবী এলাকার ডলি কটেজের সামনে র‍্যাব-১২, সিপিএসসি বগুড়া এবং র‍্যাব-৪ সদর কোম্পানির যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

 

র‍্যাব জানায়, গত ২০ জুলাই রাত সাড়ে ৯টার দিকে শাজাহানপুর উপজেলার ঘাষিড়া পশ্চিমপাড়া এলাকায় আহসান হাবিব জরজিসের ইটভাটার চিমনীর পাশে সংঘটিত হামলার ঘটনায় রঞ্জু মিয়া গুরুতর আহত হন।

 অভিযোগ রয়েছে, আহত স্বজনদের উদ্ধার করতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই প্রধান আসামি নাজমুল সাকিব ওরফে রোজ আত্মগোপনে ছিলেন।

 

র‍্যাব আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, গ্রেপ্তার এড়াতে তিনি ঢাকার পল্লবী এলাকায় অবস্থান করছেন। পরে র‍্যাব-১২, সিপিএসসি বগুড়া এবং র‍্যাব-৪ সদর কোম্পানির সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার নাজমুল সাকিব ওরফে রোজ শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি মধ্যপাড়া গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ (এটিসি) বলেন, হত্যাকাণ্ডের প্রধান পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

র‍্যাব আরও জানায়, অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।