বগুড়ায় ৩০ গ্রাম হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ফাইমা গ্রেপ্তার
বগুড়া প্রতিনিধি: বগুড়া সদর থানাধীন চক সূত্রাপুর হাড্ডিপট্টি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩০ গ্রাম হেরোইনসহ মোছাঃ ফাইমা (৪৫) নামের এক চিহ্নিত নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বগুড়া সদর থানা পুলিশ।
বুধবার (৫ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১০টায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত ফাইমা বগুড়া সদর উপজেলার চক সূত্রাপুর হাড্ডিপট্টি এলাকার মৃত বাবুর স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানা পুলিশের একটি টিম হাড্ডিপট্টি এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে কুখ্যাত মাদক কারবারি ফাইমাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ফাইমার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।