১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

মাঝিড়ায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শাজাহানপুর বগুড়া প্রতিনিধি: প্রকাশিত: অগাস্ট ৬, ২০২৬, ৭:২২ অপরাহ্ন
মাঝিড়ায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মাঝিড়ায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 

শাজাহানপুর বগুড়া প্রতিনিধি:

 

বগুড়ার শাজাহানপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখা।

বুধবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় উপজেলার মাঝিড়াস্থ বায়তুর রহমান জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বগুড়া-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে মাঝিড়া বন্দরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা পূর্ব শাখার সেক্রেটারি তৌফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পূর্ব শাখার সভাপতি শাহরিয়ার হাসান বিপ্লব।

বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান এদেশের ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত একটি ঐতিহাসিক বিজয়। এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করেই জুলাই সনদ প্রণীত হয়েছে। এই সনদ বাস্তবায়ন কোনো করুণা নয়, এটি জনগণের ন্যায্য দাবি। বর্তমান সরকারকে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

তিনি আরও বলেন, শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করার কোনো সুযোগ নেই। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে একটি নতুন বাংলাদেশ গঠনে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন অপরিহার্য।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি জোবায়ের আহম্মেদ নাহিদ, ফিরোজ আহমেদ, হাবিবুর রহমান, বগুড়া জেলা দক্ষিণ শাখার সাবেক সেক্রেটারি প্রভাষক আতাউর রহমানসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিলে শাজাহানপুর, শেরপুর, ধুনট, গাবতলী ও সারিয়াকান্দি উপজেলার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগানসম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করে স্লোগান দেন।