১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় নকল তাল মিছরি কারখানায় অভিযান, ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধিঃ প্রকাশিত: অগাস্ট ১১, ২০২৬, ৯:১৩ অপরাহ্ন
বগুড়ায় নকল তাল মিছরি কারখানায় অভিযান, ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় নকল তাল মিছরি কারখানায় অভিযান, ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি:

বগুড়া শহরের বৃন্দাবনপাড়ায় নকল তাল মিছরি তৈরির অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পচা ও পোকাযুক্ত আনুমানিক ১০ মণ মিছরি জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয় ও র‌্যাব-১২ বগুড়ার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি বগুড়া সদর উপজেলার বৃন্দাবনপাড়ার (দক্ষিণপাড়া) ‘পূজা মিছরি কারখানায়’ পরিচালিত হয়। অভিযানে কারখানাটিতে নিষিদ্ধ টেক্সটাইল রং ব্যবহার করে শিশুখাদ্য হিসেবে ব্যবহৃত তাল মিছরি তৈরি, অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বাতাসা ও সাদা মিছরি উৎপাদন এবং নকল মোড়কে তাল মিছরি বাজারজাতের প্রস্তুতি নেওয়ার প্রমাণ পাওয়া যায়।

এ ছাড়া কারখানাটিতে পচা ও পোকাযুক্ত বিপুল পরিমাণ মিছরি পুনরায় ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ করে রাখা হয়েছিল বলে অভিযানে জানা যায়।

অভিযানে এসব অপরাধের দায় স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় কারখানাটিকে ৬০ হাজার টাকা জরিমানা করেন। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।

একই সঙ্গে আনুমানিক ১০ মণ পচা ও পোকাযুক্ত মিছরি বিধি অনুযায়ী জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, র‌্যাব-১২ সিপিএসসি বগুড়ার একটি চৌকস দল এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।