আন্তর্জাতিক যুব দিবসে বগুড়ায় জামায়াতের বর্ণাঢ্য সাইকেল র্যালি
বগুড়া প্রতিনিধি: আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকালে শহরের শহীদ খোকন পার্ক থেকে র্যালিটি শুরু হয়। বগুড়া মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল আনুষ্ঠানিকভাবে র্যালির উদ্বোধন করেন।
র্যালিটি শহীদ খোকন পার্ক থেকে শেরপুর রোড হয়ে মোহাম্মদ আলী হাসপাতাল সড়ক, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন বিশ্বরোড ও তিনমাথা হয়ে সরকারি আজিজুল হক কলেজে গিয়ে শেষ হয়। এতে প্রায় চার শতাধিক বাইসাইকেল ও মোটরসাইকেল নিয়ে জামায়াতের নেতাকর্মীরা অংশ নেন।
র্যালির উদ্বোধনকালে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, ‘যুবকরা দেশের শক্তি। যুবকদের হাত ধরেই দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের যুবসমাজ নীতি, নৈতিকতা ও দেশপ্রেমে উজ্জীবিত হলে দেশ আরও দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।’
তিনি সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস ছালাম তুহিনের সভাপতিত্বে র্যালিতে বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম. আব্দুল মালেক, ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, যুব ও ক্রীড়া বিভাগের বগুড়া জেলা সভাপতি মিজানুর রহমান, ইসলামী ছাত্রশিবির বগুড়া মহানগর শাখার সভাপতি শফিকুল ইসলাম শফিক, সেক্রেটারি সজিবুল ইসলাম সজিব এবং মাজলিসুল মুফাসসিরিন বগুড়া মহানগর শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী।
এ ছাড়া উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া বিভাগ বগুড়া মহানগর শাখার সহসভাপতি এনামুল হক রানা, সেক্রেটারি আব্দুল হাদী শফিক, সহসেক্রেটারি নামিরুল হক জার্জিস, নির্বাহী সদস্য আবু সুফিয়ান পলাশ, শরিফুল ইসলাম সোহেল, মোকাম্মেল হক, ফজলুল হক বিপুল ও রফিকুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।