ক্ষেতলালে হতাহতের মধ্যে এক যুবকের মরদেহ উদ্ধার
মোঃ মোকাররম হোসাইন
জয়পুরহাট প্রতিনিধি:
১৫.৮.২৬
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পদ্মপুকুর এলাকা থেকে বাদশা মিয়া (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ঘটনায় আহত অবস্থায় মাজেদুল ইসলাম (২২) নামে আরেক যুবককে উদ্ধার করা হয়। আজ শনিবার (১৫ আগস্ট) সকালে ক্ষেতলাল উপজেলার পদ্মপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে পুলিশের ধারনা তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে স্থানীয় কয়েকজন ব্যক্তি পদ্মপুকুর মাঠে মাছ ধরতে যাওয়ার পথে রাস্তার পাশে দুজনকে কাঁদামাখা গায়ে পরে থাকতে দেখে তাঁরা চিৎকার করতে থাকে। তাদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেন। পরে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাদশার মরদেহ উদ্ধার করে এবং আহত অবস্থায় মাজেদুল ইসলামকে জীবিত উদ্ধার করে। পরে মাজেদুলকে থানায় নিয়ে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিতে নিয়ে আসেন।
এ সময় আহত মাজেদুল ইসলাম পুলিশ ও সাংবাদিকদের জানান, শুক্রবার বিকেলে জামালগঞ্জ চারমাথা এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে থেকে কয়েকজন ব্যক্তি তাদের তুলে নিয়ে একটি বাড়িতে আটকে রাখেন। রাত গভীর হলে মোটরসাইকেল যোগে ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় নিয়ে আসা হয়। সেখানে পার্শ্ববর্তী এলাকার ৯ জন মিলে তাদের মারধর করে। এরপর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। ভোরে কয়েকজন লোকের ডাকাডাকিতে জ্ঞান ফিরলে পাশে থাকা বাদশাকে মৃত অবস্থায় দেখতে পান বলে জানান তিনি।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিঁনি। ঘটনার প্রকৃত কারণ এবং হত্যাকান্ডে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।