১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

কালাইয়ে খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা

মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট প্রতিনিধি: প্রকাশিত: অগাস্ট ১৬, ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
কালাইয়ে খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা

কালাইয়ে খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা

 

মোঃ মোকাররম হোসাইন 

জয়পুরহাট প্রতিনিধি:

১৫.৮.২৬

 

জয়পুরহাটের কালাইয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার ( ১৫ আগষ্ট) বিকালে কালাই পাঁচশিরা মজিদিয়া হাফিজিয়া ও এতিমখানায় কালাই উপজেলা,পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আব্দুল বারী এমপি। কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মওদুদ আলম সরকার।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালাই পৌর বিএনপির আহ্বায়ক মো. সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আলীম সরকার, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো.আনিছুর রহমান তালুকদারসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল,শ্রমিক দল,মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা এবং বিএনপির রাজনীতিতে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়া একটি গুরুত্বপূর্ণ নাম। তাঁর নেতৃত্বে বিএনপি বিভিন্ন সময় গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

 

প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি অবিস্মরণীয় নাম। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি শুধু বিএনপির নেতাকর্মীদের নেত্রী ছিলেন না, দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।তিনি বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত। নানা প্রতিকূলতা ও রাজনৈতিক সংকটের মধ্যেও তিনি গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছেন। তাঁর নেতৃত্ব, সাহস ও আপসহীন রাজনৈতিক ভূমিকা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

 

আব্দুল বারী এমপি আরও বলেন, খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক চেতনা ধারণ করে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে জনগণের পাশে দাঁড়াতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে কাজ করতে হবে। দলের ভেতরে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করতে হবে।

তিনি বলেন, বর্তমান সময়ে দেশের মানুষের প্রত্যাশা অনেক। জনগণের আস্থা অর্জন করতে হলে শুধু রাজনৈতিক বক্তব্য নয়, মানুষের সুখ-দুঃখে পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে হবে। বিএনপির রাজনীতি হতে হবে সাধারণ মানুষের অধিকার, নিরাপত্তা ও কল্যাণকেন্দ্রিক।

 

সভাপতির বক্তব্যে কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার জন্মদিনে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হচ্ছে। তাঁর রাজনৈতিক আদর্শ ও গণতান্ত্রিক চেতনা ধারণ করে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

সঞ্চালকের বক্তব্যে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার বলেন, বেগম খালেদা জিয়া বিএনপির নেতাকর্মীদের কাছে শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ প্রতীক। তাঁর রাজনৈতিক জীবন থেকে শিক্ষা নিয়ে দলীয় নেতাকর্মীদের মানুষের কল্যাণে কাজ করতে হবে।

 

এ ছাড়া পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য দেন। তাঁরা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদান স্মরণ করে তাঁর জন্য দোয়া করেন এবং বিএনপির নেতাকর্মীদের পারস্পরিক ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

 

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মী, দেশ ও জাতির কল্যাণ এবং শান্তি- সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে কালাই উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।