গুণগত মানসম্পন্ন মৎস্য খাদ্য উৎপাদনে অবদানের স্বীকৃতি পেল নিউ হোপ কোম্পানি
মুরাদ হাসান
কাহালু (বগুড়া) প্রতিনিধি:
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে গুণগত মানসম্পন্ন মৎস্য খাদ্য উৎপাদনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক পেয়েছে নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন বাংলাদেশ কোম্পানী লিঃ।
রোববার (১৬ আগস্ট) জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে নারহট্ট, কাহালু, বগুড়ায় অবস্থিত নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন বাংলাদেশ কোম্পানী লিঃ-এর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
উপজেলা মৎস্য দপ্তর, কাহালুর পক্ষ থেকে প্রতিষ্ঠানটির মৎস্য খাতে গুণগত মানসম্পন্ন খাদ্য উৎপাদন এবং এ খাতের উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
এবারের জাতীয় মৎস্য পক্ষের প্রতিপাদ্য—
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”।
দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধি, নিরাপদ ও মানসম্মত মৎস্য খাদ্য নিশ্চিতকরণ এবং মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই ধারাবাহিকতায় নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন বাংলাদেশ কোম্পানী লিঃ-এর এই স্বীকৃতি মৎস্য খাতের সংশ্লিষ্টদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সম্মাননা প্রদানের জন্য সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, কাহালু, বগুড়া এবং উপজেলা মৎস্য দপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।