বগুড়ায় নকল স্যানিটারি ন্যাপকিন তৈরির অভিযোগে এশা এন্টারপ্রাইজকে ২ লাখ টাকা জরিমানা, সিলগালা
মিজানুর রহমান আশিক, বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় নিম্নমানের উপকরণ দিয়ে নারীদের ব্যবহারের স্যানিটারি ন্যাপকিন তৈরি এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য উৎপাদনের অভিযোগে ‘এশা এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির স্যানিটারি ন্যাপকিন উৎপাদন অংশ সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দুপুরে বগুড়া মহানগরের চক ফরিদ এলাকায় র্যাব-১২, সিপিএসসি, বগুড়ার গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায়, এশা এন্টারপ্রাইজে অত্যন্ত নিম্নমানের তুলা ও টিস্যু ব্যবহার করে নারীদের জন্য স্যানিটারি ন্যাপকিন তৈরি করা হচ্ছিল। কোনো ধরনের যথাযথ মান নিয়ন্ত্রণ ছাড়াই এসব পণ্য উৎপাদন করা হচ্ছিল বলে অভিযানে উঠে আসে। এতে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
অভিযানকারী দল জানায়, স্যানিটারি ন্যাপকিন বিএসটিআইয়ের বাধ্যতামূলক মান সনদপ্রাপ্ত পণ্য হলেও প্রতিষ্ঠানটি কোনো অনুমোদন ছাড়াই তা উৎপাদন ও বাজারজাত করে আসছিল। এছাড়া পণ্যের মোড়কে ‘ধামরাই, ঢাকা’ ঠিকানা ব্যবহার করে দীর্ঘদিন ধরে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়।
এ ছাড়া প্রতিষ্ঠানটিতে অনুমোদন ছাড়াই নিম্নমানের নেবুলাইজার মেশিন ও ব্রেস্ট ফিডিং পাম্প তৈরি করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।
পরে এসব অপরাধের বিষয়ে প্রতিষ্ঠানের মালিক এমদাদুল হক স্বীকারোক্তি দিলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে স্যানিটারি ন্যাপকিন উৎপাদনের অংশটি সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়।
অভিযানে র্যাব-১২, বগুড়া ও জেলা পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা করে।