শাজাহানপুরে পরিত্যক্ত ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পুলিশের।
সুজন শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে মুনির হোসেন (৩৫) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার মাদলা ইউনিয়নের মালিপাড়া রামচন্দ্রপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুনির হোসেন ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে।
পরিবারের সদস্যদের দাবি, গত ১৭ আগস্ট রাতে পুলিশের ধাওয়া খেয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে ওই পরিত্যক্ত ঘর থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।
পরে বাড়ির লোকজন সেখানে গিয়ে মাটির কাঁচা মেঝেতে একটি চকির নিচে মরদেহ পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে।
নিহতের মা মোনয়ারা বেগম ও বাবা আব্দুল জলিল জানান,
গত ১৭ আগস্ট রাতে মুনির একটি ইয়াবা ট্যাবলেট নিয়ে বাড়িতে আসেন।
রাত সোয়া ১০টার দিকে দুটি সিএনজি চালিত অটোরিকশায় করে কয়েকজন পুলিশ সদস্য তাদের বাড়িতে আসেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে মুনির অন্য একটি দরজা দিয়ে পালিয়ে যান।
পরে পুলিশ একটি ইয়াবা ট্যাবলেট নিয়ে যায়। এরপর থেকে মুনিরের কোনো খোঁজ পাওয়া যায়নি।
তবে কোন থানার পুলিশ সেখানে এসেছিল, তা তাঁরা জানাতে পারেননি তৎক্ষণাৎ ভাবে।
লাশ উদ্ধার হওয়া বাড়ির মালিক আছিয়া বেগম জানান, তাঁর স্বামী ও বড় ছেলে দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন।
তিনিও কয়েকদিন ধরে বাবার বাড়িতে ছিলেন ।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ছাগলের ঘর পরিষ্কার করতে গিয়ে পাশের পরিত্যক্ত ঘর থেকে তীব্র দুর্গন্ধ পান।
পরে ঘরে ঢুকে মাটিতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন।
স্থানীয় বাসিন্দা আইয়ুব আলী বলেন, মুনির বাজারে সবজি বিক্রি করতেন। তাঁর বিরুদ্ধে ইয়াবা সেবন ও বিক্রির অভিযোগ ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গিয়ে তিনি ওই পরিত্যক্ত ঘরে আশ্রয় নিয়েছিলেন কি না, সেটি তদন্তের বিষয়।
পরিবারের সদস্যরা জানান, মুনির দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন।
এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিক ইকবাল বলেন, তীব্র দুর্গন্ধের কারণে মরদেহের কাছে যাওয়া যাচ্ছে না। মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে মরদেহটি মুনিরের বলে শনাক্ত করেছেন।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।